প্রারম্ভিকা
ঢাকা, ৭ সেপ্টেম্বর: রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি।
সোমবার সচিবালয়ে মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রোহিঙ্গা সংকট ও এর টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে যা আলোচনা হয়
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের তথ্য জানান। বৈঠকের শুরুতে ইয়োহেই সাসাকাওয়া সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন।
সাসাকাওয়া জানান, তিনি প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশনবিষয়ক বিশেষ দূত হিসেবে তাঁর ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে সাসাকাওয়া বলেন, তিনি এ পরিস্থিতি সম্পর্কে অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার বিষয়ও তিনি তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিশেষ দূতকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁর দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য তিনি জাপান সরকারকে ধন্যবাদ জানান। তারেক রহমান বলেন, বাংলাদেশ এমনিতেই জনবহুল দেশ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মিয়ানমারের পরিস্থিতি
ইয়োহেই সাসাকাওয়া জানান, রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার সংকট সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি হতে সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন জাপানের বিশেষ দূত। বহুপক্ষীয় উদ্যোগের ওপর গুরুত্ব বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। জাপানি বিনিয়োগ ও ভ্যাকসিন উৎপাদন প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান। সাসাকাওয়া এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। এ ছাড়া বাংলাদেশ জাপানের বিনিয়োগ পেতে আগ্রহী বলে জানান প্রধানমন্ত্রী। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রশাসনের বক্তব্য
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের তথ্য জানান। বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য অনুযায়ী, রোহিঙ্গা সংকটের সমাধানে প্রত্যাবাসন, পুনর্বাসন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।
উপস্থিত ছিলেন
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন

রিপোর্টার: পার্থ মজুমদার নিউজ পত্রিকা: দৈনিক উজ্জ্বল আলো টিভি চ্যানেল: উজ্জ্বল আলো পদবী: সিনিয়ার স্টাফ রিপোর্টার কাজের এলাকা: সমগ্র বাংলাদেশ বিট: জাতীয় ও কূটনীতি 





















