আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আচরণবিধি বাস্তবায়ন এবং অপরাধ প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে তারা ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয়ে যোগদান করবেন। দায়িত্ব পালনের পূর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচন আচরণবিধি তদারকির পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন।
এ ছাড়া প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার 





















