স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় নিশ্চিত করতে চায় বিএনপি: ডা. রফিকুল ইসলাম
————————-———————————————————–
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সংকট হলো দুর্নীতি। এই দুর্নীতি রোধ করা গেলে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব হবে এবং জিডিপির অন্তত ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় নিশ্চিত করা যাবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ, সুশৃঙ্খল ও জনবান্ধব ব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষভাবে মা ও শিশু স্বাস্থ্যসেবা উপজেলা পর্যায়েই নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, যাতে অপ্রয়োজনে রোগীদের জেলা বা বিভাগীয় হাসপাতালে রেফার করার প্রয়োজন না পড়ে। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, পেডিয়াট্রিশিয়ানসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক ও কাঠামোগতভাবে শক্তিশালী রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে কাজ করছেন। এই রূপরেখার আওতায় স্বাস্থ্য খাতের পাশাপাশি দরিদ্র নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
ডা. রফিকুল ইসলাম জানান, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় প্রথম বছরে ৫০ লাখ হতদরিদ্র নারীকে সরাসরি কার্ড প্রদান করা হবে। পাঁচ বছরে এই সংখ্যা দাঁড়াবে আড়াই কোটি। কার্ডটি সরাসরি নারীদের হাতে দেওয়া হবে, যাতে পরিবারের কল্যাণে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেল অনুসরণ করে বাংলাদেশে একটি সমন্বিত ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার চিন্তাভাবনা করছে বিএনপি। এ লক্ষ্যে স্বাস্থ্যনীতি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে পরামর্শ করে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত পেশাজীবীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ঘোষিত স্বাস্থ্য সংস্কার বাস্তবায়নে তাদের সক্রিয় অংশগ্রহণ ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক সহ সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) এর সভাপতি জাহানারা সিদ্দিকীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
================================================
উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি – এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ।
সুধী দর্শক বৃন্দ আপনাদেরকে উজ্জ্বল আলোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা !
আপনাদের সকলকে জানাই উজ্জ্বল আলোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আপনারা বর্তমানে উপভোগ করছেন ,
“ উজ্জ্বল আলো নিউজ এন্ড টিভি ”
যেখানে সময়োপযোগী সংবাদ পৌঁছে যায় আপনাদের হাতে যথাসময়ে , দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের
” উজ্জ্বল আলো ” পেজ ও ইউ এ টিভি ফলো করুন এবং সংযুক্ত থাকুন , সত্যের সঙ্গে ।
আপনাদের লাইক, কমেনট ও শেয়ার আমাদের কাজের অনুপ্রেরণা জোগায় এবং এগিয়ে যেতে সহায়তা করে। সত্য, সৌন্দর্য ও ইতিবাচক সংবাদে আলোকিত থাকুন।
ধন্যবাদান্তে — উজ্জ্বল আলো পরিবারের সকলের পক্ষ থেকে ।

উজ্জ্বল আলো 




















